ঝা-চকচকে নিসান ইনফিনিটির পাশেই ১৯৬৯ সালে তৈরি টয়োটা আরটি-ফোরটি গাড়িটা দাঁড়ানো। ইনফিনিটির দাম লেখা রয়েছে এক কোটি সাত লাখ। আর পুরোনো আরটি-ফোরটির কোনো দামই নেই! বিক্রয়কর্মী বললেন, ‘এটা অমূল্য—অ্যান্টিক’।
গতকাল শুক্রবার থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে বারভিডা কার এক্সপো-২০১৬। বাংলাদেশে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারক ও ব্যবসায়ীদের সংগঠন বারভিডা গাড়ির এ প্রদর্শনীর আয়োজন করে। এখানে রিকন্ডিশন্ড জাপানি গাড়ির পাশাপাশি গাড়ি কিনতে ঋণদানকারী ব্যাংক, লিজিং কোম্পানি, বিমা কোম্পানি, চাকা, ব্যাটারি, ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, সিএনজি রূপান্তর, জিপিএস ট্র্যাকারসহ গাড়ির নিরাপত্তা প্রযুক্তি সংযোজনকারী প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টি স্টল রয়েছে। মেলা থেকে গাড়ি কিনলে বিভিন্ন ছাড়ের ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। মিলবে ঋণের সুবিধাও। পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপকরণ কেনা যাবে। গাড়ির নিবন্ধনের জন্য বিআরটিএ ও রাজস্ব বোর্ডেরও স্টল থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলা চলবে রোববার পর্যন্ত; সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যেতে পারবেন।
নৌমন্ত্রী শাজাহান খান গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। বারভিডার নেতারা হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস ও পিকআপের মতো বহুল ব্যবহৃত গাড়ির শুল্ক কমানোর দাবি করেন। মন্ত্রী গাড়ি ব্যবসায়ীদের দাবি বিবেচনার আশ্বাস দেন।
মংলা বন্দরকে পুনর্জীবিত করার জন্য গাড়ি ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে নৌমন্ত্রী বলেন, গাড়ি ব্যবসায়ীদের কারণেই মংলা প্রাণ ফিরে পেয়েছে। গত বছর এই বন্দর ৬০ কোটি টাকা লাভও করেছে। আর চট্টগ্রাম বন্দরও বিশ্বের বন্দরগুলোর মধ্যে নিজেদের অবস্থান করে নিচ্ছে। একটি বহুজাতিক সংস্থার জরিপে গত বছর (২০১৪ সালে) বিশ্বের পাঁচ হাজার বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮-তে। এ বছর (২০১৫ সালে) ওই অবস্থান এগিয়ে ৭৮-তে এসেছে বলে শোনা যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, বাংলাদেশের পোশাকশিল্পসহ ব্যবসার প্রসারে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির ভূমিকা অপরিসীম। এ পরিস্থিতিতে তিনি বাণিজ্যিক গাড়ির শুল্ক সহায়তা ও আমদানির বয়সসীমা বাড়ানোর আহ্বান জানান।
বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বারভিডার প্রতিষ্ঠাকালীন সভাপতি আবদুল হক, সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন, সিনিয়র সহসভাপতি এ বি এম আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারভিডার সেক্রেটারি জেনারেল মাহাবুবুল হক চৌধুরী।