
রাজধানীর খিলক্ষেতে গতকাল রোববার পদচারী-সেতুর সামনে বাসের ধাক্কায় ব্যক্তিগত গাড়ি দুমড়ে গিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন মজুমদার (৭০), তাঁর বোন মিলন আক্তার (৫০) ও ভাগনি মোসাম্মৎ লাভলি (২২)। তাঁরা সবাই ব্যক্তিগত গাড়িতে ছিলেন।
মিলন আক্তার চাঁদপুরের কচুয়া থেকে মেয়েকে সঙ্গে করে সপ্তাহ দুয়েক আগে গাজীপুরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর তিন ছেলে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকেন। কথা ছিল একমাত্র মেয়েকে নিয়ে ছেলেদের বাড়িতে যাবেন। শেষ পর্যন্ত মা-মেয়ের আর যাত্রাবাড়ী যাওয়া হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাঁরা।
নিহত ব্যক্তিদের স্বজন আলীম হোসাইন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে দেলোয়ার হোসেন মজুমদার গাজীপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বোন ও ভাগনি। কথা ছিল বোনকে যাত্রাবাড়ীতে তাঁর ছেলেদের বাড়িতে নামিয়ে চিকিৎসকের কাছে যাবেন দেলোয়ার হোসেন। খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যালয়ের উল্টোদিকে এলে গাড়িটিকে ময়মনসিংহ থেকে আসা এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি হুমড়ি খেয়ে সামনের তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান গাড়ির চালক মো. সবুজ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা মামলা করতে চাননি। তাঁরা খিলক্ষেত থানা থেকে তিনজনের লাশ দাফনের জন্য রাতেই নিয়ে যান।
নিহত ব্যক্তিদের বাড়ি চাঁদপুরের কচুয়ার বরুরচর এলাকায়। দেলোয়ার হোসেন মজুমদারের লাশ গাজীপুরে এবং মা ও মেয়ের লাশ চাঁদপুরের কচুয়ায় দাফন করার কথা রয়েছে।
পুলিশ এনা পরিবহনের বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।