গাড়িচাপায় দুই সন্তান নিহত, মা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে গতকাল শনিবার কাভার্ড ভ্যানের চাপায় স্কুলপড়ুয়া দুই ভাইবোন নিহত হয়েছে। একই ঘটনায় তাদের মা আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভিটিকান্দি গ্রামের দিনমজুর সাফির উদ্দিন মিয়ার স্ত্রী হেনা আক্তার (৩৮) স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর দুই সন্তান সানি হোসেন (১৩) ও তানিয়া আক্তার (১৫)। স্থানীয় সোনাখালী উচ্চবিদ্যালয়ে সানি ষষ্ঠ ও তানিয়া নবম শ্রেণিতে পড়াশোনা করত। গতকাল সকাল আটটায় বাড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন হেনা আক্তার। উদ্দেশ্য ছিল জন্ডিসে আক্রান্ত দুই ছেলেমেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবেন।
এর একপর্যায়ে হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হেনা আক্তার ও তাঁর সন্তানের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুই ভাইবোন নিহত হয়। আর হেনা আক্তারের হাত-পা ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আর গুরুতর আহত হেনা আক্তারকে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।