গাড়িচাপায় পুলিশ নিহতের ঘটনায় মামলা
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন শ্রীপুর থানায় মামলাটি করেছেন।
এক দিন পেরিয়ে গেলেও এখনো গাড়িটির মালিক বা চালক কাউকেই খুঁজে পায়নি পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি বাজার এলাকায় গত সোমবার দুপুরে তল্লাশিচৌকিতে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের কনস্টেবল রুহুল আমিন নিহত হন। এ ঘটনায় রাতেই দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে থানায় মামলা হয়।
শ্রীপুর মাওনা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলালুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মামলাটি তাঁরাও তদন্ত করছেন।