গাড়িচাপায় পোশাক-কর্মী আহত হওয়ায় অবরোধ

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার যাত্রীবাহী একটি লেগুনা একজন নারী পোশাক-কর্মীকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ওই নারী পোশাক-কর্মী ও ১০ জন যাত্রী আহত হন।
ঘটনার প্রতিবাদে দুপুর ১২টা থেকে প্রায় ৫০ মিনিট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কোনাবাড়ি এলাকায় এনপিসি গার্মেন্টস কারখানার সামনে মহাসড়ক পার হচ্ছিলেন ওই কারখানার একজন নারী কর্মী। এ সময় যাত্রীবাহী একটি লেগুনা তাঁকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ওই নারীশ্রমিক ও লেগুনার ১০ জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নারী পোশাক-কর্মী আহত হওয়ার খবর পেয়ে আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরা বের হয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর সিদ্দিক জানান, শ্রমিকদের বোঝানোর পর দুপুর ১২টা ৫০ মিনিটে তাঁরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেন।