গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় বাবুল হোসেন (২৫) নামের একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বাবুলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুংতাইর আমপাড়া গ্রামে। তিনি ডিভাইন টেক্সটাইল লিমিটেড কারখানায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাবুল কারখানার কাজ সেরে গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে বাসায় ফিরছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাই ভাই কলোনির সামনে কাপড়ভর্তি একটি পিকআপ পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, নিহত বাবুলের লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।