গাড়িচাপায় শিশু নিহত
নড়াইলের লোহাগড়ায় কাভার্ড ভ্যানচাপায় বিল্লাল মোল্লা (১৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালনা গ্রামে লোহাগড়া-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, একটি কাভার্ড ভ্যান কালনা থেকে নড়াইল যাওয়ার পথে বাইসাইকেলচালক বিল্লালকে ধাক্কা দেয়। বিল্লাল পড়ে গিয়ে তার মাথা কাভার্ড ভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লোহাগড়া-নড়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যানবাহন চলাচল শুরু হয়।
বিল্লাল লোহাগড়া পৌর এলাকার কুমরাকান্দা গ্রামের দিনমজুর ধলু মোল্লার একমাত্র ছেলে। বিল্লাল লোহাগড়া বাজারে আসবাবের কারখানায় চাকরি করত। সংসারের অভাব-অনটনের কারণে পড়াশোনা ছেড়ে বিল্লাল আয়-রোজগারে লেগে যায়। কালনা গ্রামে মামার বিয়েতে মামাবাড়ি গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়। বিল্লালদের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের ঘরে তাদের বসবাস। বাড়িভর্তি লোকজন। বাবা ধলু মোল্লা নির্বাক বারান্দায় বসে আছেন। মা মাছুরা বেগম আহাজারি করছেন।