গাড়িচাপায় হত্যার দায়ে ট্রাকচালকের ১০ বছর কারাদণ্ড
গাড়িচাপা দিয়ে হত্যার দায়ে কিশোরগঞ্জে মোস্তফা মিয়া (৩৮) নামে এক ট্রাকচালককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আলী আহসান গত বৃহস্পতিবার এ রায় দেন।সাজাপ্রাপ্ত মোস্তফা মিয়া পলাতক। তাঁর বাড়ি কুমিল্লার হাজীগঞ্জ উপজেলার বাগুই গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ১৭ জুন সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ব্রাহ্মণকচুরি গ্রামের শাহ্ আবদুস সালাম, নূরুজ্জামান ও শহীদুল ইসলাম একটি রিকশায় করে বাড়ি থেকে শহরে আসছিলেন। কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের কাটাবাড়িয়া এলাকায় পৌঁছার পর পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নূরুজ্জামান মারা যান। গুরুতর আহতাবস্থায় অন্য দুজনকে ঢাকায় নেওয়া হলে তৎকালীন পিজি হাসপাতালে শাহ্ আবদুস সালাম মারা যান। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় মৃত আবদুস সালামের ছোট ভাই আইনজীবী শাহ্ আজিজুল হক বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর ওই বছরের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারক সাক্ষ্য-জেরা শেষে বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন।