গাড়িচালক আজমকে দুদকে হাজির হতে দ্বিতীয়বার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী ও বর্তমান দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বরখাস্ত হওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে দ্বিতীয়বারের মতো নোটিশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে ২১ অক্টোবর রোববার সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হতে বলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা স্বাক্ষরিত নোটিশটি গতকাল বুধবার আজমের স্থায়ী ঠিকানা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আত্মগোপনে থাকা আজমের পক্ষে নোটিশটি গ্রহণ করেন তাঁর বাবা দুদ মিয়া খান। এর আগে গত ২ মে আজমকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।আজমের ভাই শাহালম খান প্রথম আলোকে বলেন, ‘দুদকে হাজির হতে হলে প্রথমে আজমের নিরাপত্তা দরকার। তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে আমরা খুবই শঙ্কিত। এ অবস্থায় সে কীভাবে দুদকে হাজির হবে সেটা চিন্তার বিষয়। যোগাযোগ না থাকায় আজমের কাছে নোটিশের খবর পৌঁছানো যাবে কি না তাও বলতে পারি না।’ গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ একটি গাড়ি জিগাতলার ফটক দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে ঢুকে পড়ে। গাড়িটি চালাচ্ছিলেন আজম। আর সেটির মালিক তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক।