গাড়িচালক আজমের পরিবারের জিডি নেয়নি পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের পরিবারের সাধারণ ডায়েরি (জিডি) পুলিশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জিডি করতে যান আজমের বড় ভাই মুদি দোকানদার শাহ আলম (৩৫)।আজমসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে গেলে থানার উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন তা নথিভুক্ত না করে তাঁকে ফিরিয়ে দেন।শাহ আলম বলেন, ‘টেলিভিশনে আজমের সাক্ষাৎকার প্রচারিত হওয়ায় আমরা আজমসহ পরিবারের সব সদস্যের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই থানায় জিডি করতে গিয়েছিলাম।’ তিনি বলেন, ‘আমার ভাইকে আগে কেউ এত চিনত না। কিন্তু টিভিতে সাক্ষাৎকার প্রচারিত হওয়ায় সবাই তাকে চিনে ফেলেছে। তাই যেকোনো মুহূর্তে আমার ভাইকে মেরে ফেলা হতে পারে। এদিকে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি।’ মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজম আমার এখানে নিখোঁজ হননি। তাই আমরা জিডি নিইনি। যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন, শাহ আলমকে সেখানে গিয়ে জিডি করতে বলা হয়েছে।’৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিগাতলা ফটক দিয়ে একটি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি ওমর ফারুকের, চালক ছিলেন আজম খান। গাড়িটিতে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক। তাঁরা কেউ এখন স্বপদে নেই। ওই ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত এখন দপ্তরবিহীন মন্ত্রী।