অর্থ কেলেঙ্কারির বিষয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খানের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ, টেলিভিশনে প্রচারিত ওই ব্যক্তির বক্তব্য সাক্ষ্য আইনের আওতায় পড়ে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান গতকাল রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেছেন। তিনি বলেন, দুদকের যাবতীয় অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম সাক্ষ্য আইনের আওতায় হয়। যেসব সাক্ষ্য-প্রমাণ সাক্ষ্য আইনের বাইরে বা আদালতে গ্রহণযোগ্য নয়, তা দুদকের কাছেও গ্রহণযোগ্য নয়। গোলাম রহমান আরও বলেন, ‘গণমাধ্যমের সব খবর কি আদালতে গ্রহণযোগ্য? মুখের কথায় যদি সব হতো তা হলে ড্রাইভার, চাপরাশির কথায় দেশের সব চলত। তাই ওই ড্রাইভারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কাউকে দোষী বলতে পারি না। দুদক তথ্য-উপাত্তের ভিত্তিতেই ব্যবস্থা নিয়ে থাকে।’আজমের বক্তব্য দুদকের তদন্তে কোনো প্রভাব ফেলবে না—এমন মন্তব্য করে গোলাম রহমান বলেন, ‘আমরা কখনো বলিনি তিনি (সুরঞ্জিত) নির্দোষ। আমরা বলেছি, এ বিষয়ে তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’ গত ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশ হয়। ঘটনার পর থেকে ফারুকের গাড়িচালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজ কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আজম দাবি করেন, ওই অর্থের উৎস ছিল রেলের ‘নিয়োগ-বাণিজ্য’। টাকা মন্ত্রীর (সুরঞ্জিত) বাড়িতে যাচ্ছিল।এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, সেই রাতে টাকা যে মন্ত্রীর বাসায়ই যাচ্ছিল, এ রকম কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। দালিলিক প্রমাণ ছাড়া দুদক কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।খালেদা জিয়া: দুদক সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কে কার সন্তান বা কে কোন দল করেন, তা দেখা দুদকের কাজ নয়। কোনো দুর্নীতিবাজ বা কারও দুর্নীতি যদি দুদকের তফসিলভুক্ত আইনের আওতায় পড়ে, তবে দুদক সেটা অবশ্যই খতিয়ে দেখবে।’ খালেদা জিয়া গত শনিবার হবিগঞ্জে এক জনসভায় দুদকের সমালোচনা করে বলেছেন, ‘দুদক শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছে; কিন্তু সরকারদলীয় চোরদের ধরছে না। এ জন্য বিএনপি ক্ষমতায় গেলে দুদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে; তাদের বিচার করা হবে।’