গাড়িচালক খুনিদের সহায়তা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় ২০ লাখ টাকা আর ১০০ ভরি স্বর্ণালংকার আছে—দুর্বৃত্তদের এমন তথ্য দিয়েছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্তের ব্যক্তিগত গাড়িচালক। আর তা চুরি করতে নারায়ণের বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা। লুট করতে বাধা দিলে পরে তাঁকে খুন করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিন্টু নামের একজনকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা সাংবাদিকদের এসব কথা বলেন। গ্রেপ্তার করা মিন্টুও তা মেনে নেন। সূত্র জানায়, গতকাল দুপুরে মিন্টুকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠালে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ প্রেস ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (ডিসি) নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাত ১২টার দিকে সিলেটের বাদামবাগিচার এক বাসা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। মিন্টু জিজ্ঞাসাবাদে জানান, এ ঘটনার বেশ কয়েক দিন আগে নারায়ণের ব্যক্তিগত গাড়িচালক তাঁদের বলেন, ওই বাসায় জমি বিক্রির টাকা ও স্বর্ণালংকার আছে। সেই অনুযায়ী ২২ আগস্ট রাতে তাঁরা কয়েকজন ওই বাসায় চুরি করতে যান। কিন্তু নারায়ণ চিৎকার শুরু করলে তাঁরা ছুরিকাঘাত করেন। তদন্তের স্বার্থে চালকের নাম বলা যাচ্ছে না। মিন্টু সাংবাদিকদের বলেন, ঈদের এক মাস আগে সাঈদ ও বকুল নামের দুজনকে টাকা ও স্বর্ণালংকার থাকার কথা জানান গাড়িচালক। পরে সাঈদ ও বকুল তাঁকে জানান। এরপর তাঁরা ২২ আগস্ট রাতে ওই বাসায় চুরি করতে যান। তাঁদের দলের সদস্য হোসেন জানালার গ্রিল কাটেন। এরপর তিনসহ হোসেন, বকুল, সাঈদ ও কামাল বাসার ভেতরে ঢোকেন। বাইরে ছিলেন পেদা মাসুদ ও ফয়সাল। বাসায় ঢোকার পর নারায়ণের মুখ চেপে ধরলে তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করেন। এ সময় এক নারী (নারায়ণের মা) চিৎকার করতে থাকলে তিনি, হোসেন ও সাঈদ তাঁকে (নারায়ণ) ছুরিকাঘাত করে পালিয়ে যান। লুট করা কিছু মালামাল কামালের কাছে আছে। ওই চালকের নাম জানেন না বলে মিন্টু দাবি করেন। তবে জানতে চাইলে তাঁর স্ত্রী লাকী চৌধুরী বলেন, নারায়ণের ব্যক্তিগত গাড়িচালকের নাম কামরুল হাসান ওরফে অরুণ। গত ২৩ আগস্ট লাশের সঙ্গে চট্টগ্রামেরও গিয়েছিলেন তিনি। পরদিন ২৪ আগস্ট ভোরের দিকে ‘খারাপ লাগছে’ বলে ঢাকায় ফিরে আসেন কামরুল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। গত ২৩ আগস্ট সকালে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকদের বাসা থেকে নারায়ণের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। বিক্ষোভ সমাবেশ: বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বটতলায় গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকেরা। সমাবেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, মূল খুনি ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী শনিবার পর্যন্ত রাজধানীর সব হাসপাতালে বিক্ষোভ মিছিল হবে।