গাড়িচালক বাঁচিয়ে গেলেন ৫২টি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানো অবস্থায় হূদেরাগে আক্রান্ত হন চালক সুবল সাহা। সঙ্গে সঙ্গে ব্রেক চেপে ও চোখলিভার টেনে গাড়িটি মহাসড়কের মধ্যেই থামিয়ে দিয়ে ঢলে পড়েন ইঞ্জিন কভারের ওপর। তৎক্ষণাৎ স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এভাবেই মৃত্যুর আগমুহূর্তে ফরিদপুরের গাড়িচালক সুবল বাঁচিয়ে গেলেন ৫২টি তাজা প্রাণ। গত রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া এলাকার শাহ হাবীব মাদ্রাসার সামনে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সুবল সাহা শহরের গোয়ালচামট মহল্লার লাহেড়ীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। স্ত্রী ছাড়াও তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।ফরিদপুরের বিভিন্ন পথে ৩০ বছর ধরে গাড়ি চালান সুবল সাহা (৫৫)। কখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি তাঁর হাতে। গত রোববার মৃত্যুর আগমুহূর্তেও নিজের প্রত্যুৎপন্নমতির জোরে বাঁচিয়ে গেলেন বাসের ৫০ জন যাত্রী, সুপারভাইজার ও হেলপারসহ ৫২টি প্রাণ।বাসের সুপারভাইজার আবদুল কুদ্দুস জানান, মাগুরা থেকে বেলা তিনটা ৩২ মিনিটে বাসটি চালিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হন সুবল সাহা। বিকেল সাড়ে চারটায় মধুখালীতে এসে ১০ মিনিট বিরতি দিয়ে তিনি আবার বাস চালানো শুরু করেন। আবদুল কুদ্দুস হঠাৎ দেখতে পান মহাসড়কের মাঝখানেই ব্রেক চেপে ও চোখলিভার টেনে গাড়িটি থামিয়ে দিয়েই চালকের আসন থেকে ইঞ্জিন কভারের ওপর ঢলে পড়েন সুবল। ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে চালকদের বিরুদ্ধে অনেক অভিযোগ ও বদনাম আছে। সুবল সাহা যেন আমাদের এই বদনাম ঘোচাতে জীবনের শেষ সময়ও চেষ্টা করেছেন।’