গাড়িচালকদের দক্ষতা বাড়াতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কর্মশালা
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কুচিয়ামোড়া মাঠে গতকাল শুক্রবার গাড়িচালকদের দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা চালকের দক্ষতা বাড়ানোর প্রতি জোর দেন। মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এই কর্মশালায় অন্তত আড়াই শ বাসচালক অংশ নেন।কর্মশালায় বক্তারা বলেন, চালকের অদক্ষতার কারণেই বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায়, চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতে করতেই কেউ গাড়ি চালনা শিখেছেন। কিন্তু পরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন না। তাই চালকদের দক্ষতা বাড়ানোর প্রতি জোর দিতে হবে। কর্মশালায় অংশ নেওয়া গাড়িচালক মনির হোসেন জানান, এমন কর্মশালা সারা দেশে করা উচিত।কর্মশালায় সড়ক দুর্ঘটনা কেন ও কীভাবে ঘটে এমন ভিডিওচিত্র দেখানো হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। মুন্সিগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশাসক আজিজুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাউদ উল ইসলাম, কুচিয়ামোড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মালেক প্রমুখ।উল্লেখ্য, ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়ায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হলে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। প্রশাসন ওই স্থানে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিয়ে তা নির্মাণ না করায় দ্বিতীয় দফা অবরোধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে একজন নিহত হন। গতকাল ওই এলাকায় এই কর্মশালার আয়োজন করা হয়।