গাড়িচালকসহ দুজনের আদালতে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ব্র্যাক ব্যাংকের এক কোটি টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যাংকের গাড়িচালক সোহেল আহমদ ও মো. সুজন নামের আরেক আসামি গতকাল বুধবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম এ বি এম জহিরুল গণি চৌধুরী দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন।
পুলিশ সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় ব্র্যাক ব্যাংকের দুটি শাখা থেকে এক কোটি টাকা বিশ্বনাথ শাখায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ির কাছে ওই টাকা ছিনতাই হয়। ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক গওহর আলতাব চৌধুরী ব্যাংকের গাড়িযোগে (ঢাকা মেট্রো গ-২৩-৬২২) টাকা নিয়ে যাওয়ার সময় গাড়িচালক সোহেল আহমদকে ছোরা দেখিয়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালায়। পুলিশ ওই দিন রাতেই সুনামগঞ্জ শহরের আরপিননগরে অভিযান চালিয়ে গুলি ছুড়ে ‘ছাত্রলীগের ক্যাডার’ হিসেবে পরিচিত হাসানুজ্জামান ইস্পাহানিকে (২৮) আটক করে। গত মঙ্গলবার হাসানুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়। তাঁর দেওয়া তথ্যমতে, ছিনতাইকারীদের শনাক্ত করতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) একটি বিশেষ দল তৎপর হয়।
গত সোমবার গাড়িচালক সোহেল, তাঁর ভাই কুদ্দুছ মিয়া, সুজন মিয়া, আজিজুল হক ওরফে আরজু, এনাম আহমদ, আজাদ রহমান ও মো. আমির হোসেন হাজারি নামের ছয়জনকে আটক করা হয়। এঁদের মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯-এর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। আটক সাতজনের কাছ থেকে ব্যাংকের সিলমোহরকৃত আট লাখ ৮৫ হাজার ৯২৪ টাকা উদ্ধার করার বিষয়টিও জানানো হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, আটক সাতজনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় গাড়িচালক সোহেল ও সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বিকেলে তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। জবানবন্দিতে গাড়িচালক সোহেল স্বীকার করেন, তাঁর যোগসাজশে ছিনতাই সংঘটিত হয়েছে। কোটি টাকা নিয়ে ভাগাভাগি করা এবং প্রায় ৬০ লাখ টাকা মূল পরিকল্পনাকারীর কাছে রয়েছে।