গাড়িচালকের লাশ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচায় একটি নির্মাণাধীন ভবন থেকে গত রোববার দিবাগত রাতে মোহাম্মদ আলম (৪২) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ পানে ভারসাম্যহীন হয়ে পড়ায় ভবনের ওপর থেকে পড়ে আলম মারা গেছেন। পরিবারের অভিযোগ, আলমকে হত্যা করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গত রোববার রাত তিনটার দিকে সেগুনবাগিচা এলাকায় ১৬ তলাবিশিষ্ট নির্মাণাধীন আলমপনা টাওয়ারের নিচতলা থেকে মোহাম্মদ আলমের লাশ উদ্ধার করা হয়। লাশটি ভবনে লিফট স্থাপনের জন্য তৈরি করা খালি জায়গায় পড়ে ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, আলম মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই রাতে ওই ভবনের ছাদে অন্যান্যের সঙ্গে মদ পান করতেন। মাতাল অবস্থায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পারিবারিক সূত্র জানায়, আলম দুই ছেলে নিয়ে পূর্ব রামপুরার বাসায় থাকতেন। তাঁর স্ত্রী রাশেদা বেগম লেবাননে চাকরি করেন। আলমের ছেলে মোহাম্মদ ফয়সাল জানান, তাঁর বাবা রাজধানীর বনানী এলাকার ইকবাল নামের এক ব্যক্তির ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। এক মাস ছুটির পর কাজে যোগ দিতে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরের দিন সকালে তাঁর মৃত্যুর খবর পান তাঁরা।ফয়সাল আরও জানান, তাঁর বাবা আগে সেগুনবাগিচায় থাকতেন। প্রায় সময় তিনি ওই এলাকায় গিয়ে বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটাতেন। আগে মদ পানের অভ্যাস থাকলেও বেশ কয়েক বছর আগে তিনি তা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। ফয়সালের অভিযোগ, তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করতে পারে তিনি এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।