হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের গাড়িচালকের হামলায় ক্রাফট ইনস্ট্রাক্টর জাকিরুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।তাঁকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, অধ্যক্ষের কাছে অভিযোগ আসে, গাড়িচালক সুরুজ খান বিনা অনুমতিতে ব্যক্তিগত কাজে প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করেছেন। এ বিষয়ে অধ্যক্ষ তাঁর কাছে কৈফিয়ত চান। এ ঘটনার জন্য সুরুজ খান ক্রাফট ইনস্ট্রাক্টর জাকিরুল ইসলামের ওপর ক্ষিপ্ত হন। তাঁর ধারণা, তিনিই অধ্যক্ষের কাছে এ অভিযোগ করেছেন। জাকিরুল ইসলাম দুপুরের খাবারের জন্য গতকাল দুপুরে বাসায় যাচ্ছিলেন। তিনি পলিকেটনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই সুরুজসহ তিন-চারজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন। এতে জাকিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে পলিকেটনিকের ছাত্র-শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করান।জাকিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা অধ্যক্ষের কাছে অভিযোগ করেছেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। সুরুজের ভুল ধারণা যে আমি অভিযোগ করেছি।’ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা বলেন, ‘গাড়িচালক সুরুজ বেপরোয়া। তিনি প্রতিষ্ঠানের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলেন না।’ আহত ইনস্ট্রাক্টর এ বিষয়ে মামলা করবেন বলে জানান।