গাড়িচোর চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছয়টি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছয় ব্যক্তি হলেন শফিকুল ইসলাম, আবদুল মজিদ, জুবাইদুল আলম, আবদুল হামিদ, রশিদ ও আসাদুজ্জামান। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা গত ৪ সেপ্টেম্বর পল্টনের মুক্তাঙ্গন থেকে রাজবাড়ী যাওয়ার উদ্দেশে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া করেন। সন্ধ্যায় চালক তিলু মিয়া তাঁদের নিয়ে রওনা দেন। চক্রের সদস্যরা মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এসে গাড়ি থেকে নেমে আখের রস কেনেন এবং কৌশলে রসের সঙ্গে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে তিলু মিয়াকে পান করান। তিলু মারা গেছেন ভেবে গ্রেপ্তার ব্যক্তিরা গাড়িটি নিয়ে পালিয়ে যান। পরদিন স্থানীয় ব্যক্তিরা তিলুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর গত সোমবার তিলু মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।
এরপর ডিবি পশ্চিমের একটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাড়িচোরদের গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা মোট ছয়টি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করে।