

খেয়াল না করে অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে পড়ে একটি প্রাইভেট কার। দ্রুতগতিতে এগিয়ে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের সামনের অংশে আটকে যায় গাড়িটি। এরপর টানতে টানতে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার। সেখানে সেতুর ওপর ওঠার পর গাড়িটি সেতুর ফাঁকা দিয়ে নদীতে পড়ে যায়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান গ্রামে গতকাল রোববার সকালে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে একই পরিবারের দুই শিশু, তাদের মাসহ পাঁচজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন গোয়ালবাথান এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের স্ত্রী সুনিয়া আক্তার তাহমিদা (৩০) ও তাঁর ছেলে তৌসিন আহমদ তালহা (৬), শফিকুলের চাচাতো ভাই রিপন হোসেনের স্ত্রী লাকী আক্তার (৩০) ও তাঁর মেয়ে রিভা আক্তার (৫) এবং প্রাইভেট কারের চালক মিনহাজ উদ্দিন (৪৫)। মিনহাজের বাড়িও একই এলাকায়।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও প্রতক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি স্কুলের নার্সারি শ্রেণিতে পড়ত শফিকুল ইসলামের ছেলে তৌসিন। একই স্কুলের প্লে শ্রেণিতে পড়ত তাঁর (শফিকুল) ভাইয়ের মেয়ে রিভা আক্তার। গতকাল সকালে তাদের দুজনের মা সুনিয়া আক্তার তাহমিদা ও লাকী আক্তার ছেলেমেয়েদের নিয়ে প্রাইভেট কারে স্কুলে যাচ্ছিলেন। বাড়ি থেকে অল্প কিছু দূরেই জয়দেবপুর-রাজশাহী রেললাইনের অরক্ষিত ক্রসিং। গাড়িটি ক্রসিংয়ে উঠে গেলে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে আসা ভারতের কলকাতাগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি ট্রেনের সঙ্গে আটকে যায়। গাড়িটিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে ট্রেনটি। প্রায় এক কিলোমিটার যাওয়ার পর ভোঙ্গাবাড়ী এলাকায় ঘাটাখালী নদীর সেতুর ওপর উঠে যায় ট্রেন। গাড়িটি সেতুর ওপর থেকে নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। নদীর ওই অংশে কোনো পানি ছিল না। আরও প্রায় দুই কিলেমিটার যাওয়ার পর পেছনের দিকের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেনটি থেমে যায়।


সেতুর কিছুটা আগে পাওয়া যায় সুনিয়া আক্তারের মাথার অংশ। এ ছাড়া নিহত সব কজনের ছিন্নভিন্ন দেহ পাওয়া যায় সেতুর নিচে।
শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে সবার লাশ উদ্ধার করেছি।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এএসআই দাদন মিয়া বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই ট্রেনে বাংলাদেশ ও ভারতের নাগরিকসহ প্রায় ৩৮৭ জন যাত্রী ছিল। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস, থানা-পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ের উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালান।
দাদন মিয়া বলেন, সকাল সোয়া আটটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে আসে। দুর্ঘটনার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রেন ও লাইনচ্যুত বগি সরিয়ে নিলে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অর্পূব বল বলেন, ঘটনাস্থল থেকে চালক মিনহাজ উদ্দিনের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চারটি লাশ আগেই পরিবারের লোকজন নিয়ে গেছে।
স্থানীয় লোকজন ও জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুধু গোয়ালবাথান রেলক্রসিং নয়, জয়দেবপুর থেকে যমুনা বহুমুখী সেতু পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রেললাইনের মধ্যে লেবেল ক্রসিং রয়েছে ৮১টি। এর মধ্যে প্রথম দিকে গেটম্যান দেওয়া হয় ১৭টি ক্রসিংয়ে। পরে টাঙ্গাইলে কয়েকটি বড় রেল দুর্ঘটনা ঘটার পর টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে আরও পাঁচটি নতুন লেবেল ক্রসিংয়ে গেটম্যান দেওয়া হয়। এ নিয়ে লেবেল ক্রসিংয়ের সংখ্যা দাঁড়ায় ২২টিতে। বাকি ৫৯টি লেবেল ক্রসিং অরক্ষিত।
টাঙ্গাইলে লাইনচ্যুত চট্টগ্রাম মেইল
টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় চট্টগ্রাম মেইল-৩৭ লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ তিন ঘণ্টা রেলযোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।