গাড়িতে আগুন এবং চট্টগ্রাম নগরে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার হরতাল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। নাশকতা চালানোর জন্য জড়ো হওয়ার পর নগরের কোতোয়ালি ডিসি হিল এলাকা থেকে গতকাল দুপুরে পুলিশ শিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে আটক করেছে।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘নগরে নাশকতা চালাতে বিভিন্ন স্থান থেকে ডিসি হিলে শিবিরের শতাধিক কর্মী জড়ো হন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করতে গেলে ডিসি হিল পাহাড়ের বিভিন্ন ফটক দিয়ে বেশির ভাগ কর্মী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে আমরা আটক করি।’
পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে নগরের ডবলমুরিং থানাধীন ব্যাপারীপাড়া এলাকায় শিবিরের কর্মীরা একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যান বলে জানান ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম।
গতকাল সকালে নগরের খুলশির ওয়ারলেস গেট এলাকায় ইট-সুরকির তৈরি ডিভাইডার দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শিবিরের কর্মীরা। পুলিশ যাওয়ার আগেই তাঁরা সটকে পড়েন।
পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে নগরের প্রবেশপথ অলংকার ও কর্নেলহাট এলাকায় ১৮-দলীয় জোটের কোনো কর্মী গতকাল জড়ো হতে পারেননি। পুলিশ ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘অলংকার মোড় আর কর্নেলহাট এলাকা কয়েক দিন ধরে অস্থির করে রাখা হয়েছিল। এ ব্যাপারে আমরা নাশকতাকারীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। শিগগির তাঁদের ধরতে আমাদের অভিযান শুরু হবে।’
নাসিমন ভবনে নোমান: চলমান অবরোধ কর্মসূচিতে নাসিমন ভবন ও আশপাশের এলাকা ছাড়া আর কোথাও বিএনপির জমায়েত নেই। এ কারণে গতকাল সংক্ষিপ্ত সমাবেশে তৃণমূল নেতারা জ্যেষ্ঠ নেতাদের কঠোর সমালোচনা করেছেন। সমালোচনা করা হয়েছে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের। গতকাল সকালে নগরের কাজীর দেউড়ি মোড় থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি নূর আহমেদ সড়ক, লাভ লেইন ও এনায়েতবাজার এলাকা প্রদক্ষিণ করে নাসিমন ভবনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নোমান বক্তৃতা করেন। সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রধানমন্ত্রীর লোভের কারণেই রাজনৈতিক সংকটের সুরাহা হচ্ছে না। আওয়ামী লীগ আসলে রাজনৈতিক সমঝোতা চায় না। কারণ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নিলেই সমঝোতা হয়ে যায়। আর এই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।’ সমাবেশে নগর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার জ্যেষ্ঠ নেতাদের কঠোর সমালোচনা করেন। জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতির কারণে আন্দোলন চূড়ান্ত রূপ নিতে পারছে না বলে তিনি সমাবেশে বলেন। এ সময় তিনি এবং আরও কয়েকজন নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। গতকাল মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ।