গাড়িতে আগুন, ভাঙচুর, সংঘর্ষ

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ চলাকালে গতকাল রোববার নারায়ণগঞ্জ ও ঢাকার সাভারে দুটি বাসসহ তিনটি গাড়িতে আগুন দিয়েছেন অবরোধকারীরা। সিরাজগঞ্জে পুলিশের রাবার বুলেটে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সুনামগঞ্জের ছাতক শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এদিকে গত শনিবার রাতে বগুড়ার শেরপুরে কমপক্ষে ২৫টি ট্রাক ভাঙচুর করেন অবরোধকারীরা।
নারায়ণগঞ্জ: সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় অবরোধকারীরা বাঁধন পরিবহনের একটি বাস ভাঙচুর করে পেট্রল ঢেলে যানটিতে আগুন ধরিয়ে দেন। এর আগে সকাল সাতটার দিকে ফতুল্লার ভূঁইগড় এলাকায় যুবদল কর্মীদের মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার চেষ্টা করলে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় বিএনপির সমর্থকেরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় তিন-চারটি গাড়ি ভাঙচুর করা হয়। রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এদিকে জেলা শহরের দেওভোগ এলাকা থেকে রাতে পুলিশ মাসুম ও শাওন নামের দুজনকে আটক করেছে। তাঁরা বোমা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান।

সাভার: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগরের দিক থেকে আসা একটি বাস সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে যানটির পেছনের দিকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়েন। পরে স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসটিতে উঠে পেছনের দিকে বসে। এরপর সুযোগ বুঝে বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত নেমে যায়। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ: ভোর ছয়টার দিকে বেলকুচির তামাই বাজারে বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির এক কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হন।
সুনামগঞ্জ: জেলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা হরতাল চলাকালে গতকাল দুপুর ১২টার দিকে ছাতক শহরে ছাত্রদলের কর্মীদের পিকেটিংয়ে বাধা দেন ছাত্রলীগের কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে দুই পক্ষই শহরে নিজ নিজ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কার্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান এবং ভেতরের আসবাব রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭০টি শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুল ইসলাম তালুকদার (১৯) নামের ছাত্রলীগের এক কর্মী মারা যান। তিনি ছাতক ডিগ্রি কলেজের ছাত্র এবং উপজেলার দীঘলবন্দ গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। অন্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।