গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে৷ আগামী রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে৷
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন৷ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কালো কাচের মাইক্রোবাস ব্যবহারের অভিযোগ ওঠার পর মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে ১০ মের মধ্যে কালো কাচ খুলে ফেলতে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রিট আবেদনে দাবি করা হয়, মোটর ভেহিক্যালস অর্ডিন্যান্স-১৯৮৩ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এসআরওতে এমন কোনো বিধান নেই, যার কারণে সরকার এ রকম সিদ্ধান্ত নিতে পারে৷ ৩০ এপ্রিল সরকারের নেওয়া সিদ্ধান্ত শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত দেয়। এতে বিল্ট-ইন গািড়র ক্ষেত্রে ওই সিদ্ধান্ত প্রযোজ্য নয় বলা হয়৷ এই সিদ্ধান্তটি বৈষম্যমূলক৷
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়৷ রোববার শুনানি হবে৷
রিটে ওই সিদ্ধান্ত কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে৷