গাড়িতে চড়লে ঠেলতে হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাড়ি আটকি গেলে ঠেলতে অইব কিন্তু...!’ সিলেটের কানাইঘাট উপজেলার সঙ্গে সরাসরি যাতায়াতে দরবস্ত-কানাইঘাট সড়কে চলাচলকারী গাড়িতে ওঠার সময় চালকেরা যাত্রীদের এভাবেই শর্ত জুড়ে দেন। ওই সড়কে যাতায়াত করে দেখা গেছে, প্রায় ১৯ কিলোমিটার অংশে অন্তত সহস্রাধিক স্থানে খানাখন্দ। কোনো কোনো স্থানে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পাড়ি দিতে যাত্রীদের নেমে গাড়ি ঠেলতে হয়। দরবস্তের সোনারপুল এলাকায় গত মঙ্গলবার সকালে আটকে পড়া একটি যাত্রীবাহী লেগুনা ঠেলে নেওয়া হচ্ছিল। শারীরিক কসরত শেষে ক্লান্ত-বিরক্ত চালক জুয়েল মিয়া বলেন, ‘হারা দিন যা ইনকাম অয়, গাড়ি মেরামতেই যায়গি অর্ধেক!’ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের সঙ্গে কানাইঘাট উপজেলার সরাসরি যোগাযোগের এ সড়ক বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষে দিকে সংস্কার হয়েছিল। গত প্রায় পাঁচ বছর ওই সড়কে কোনো সংস্কারকাজ না হওয়ায় দরবস্ত বাজার থেকে কানাইঘাট উপজেলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার অংশে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে। বতর্মান সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই সড়কটি সংস্কারের দাবি ওঠে। কিন্তু এ দাবি আজও পূরণ হয়নি। সরেজমিনে দেখা গেছে, সড়কের সোনারপুল, চতুলবাজার, মানিকপাড়া, চাক্তা, কান্দিগ্রাম ও নূরপুর এলাকায় খানাখন্দ থেকে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে দরবস্ত থেকে কানাইঘাট যেতে কিংবা চতুলবাজার থেকে দরবস্ত আসতে গাড়ি আটকে গেলে ঠেলা দিয়ে সহযোগিতা করার শর্ত দিয়ে চালকেরা গাড়িতে যাত্রী তুলছেন। দরবস্ত বাজারের অটোরিকশাচালক রশীদ মিয়া জানান, দরবস্ত থেকে চতুল আধা ঘণ্টার পথ। কিন্তু সড়কের অবস্থা এত নাজুক যে, আধা ঘণ্টার পথ যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। দরবস্ত-কানাইঘাট সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক ইমাম হোসেন জানান, প্রায় এক মাস ধরে এ সড়ক দিয়ে আর আগের মতো বড় বড় যানবাহন চলাচল করছে না। বিকল্প হিসেবে জকিগঞ্জ সড়ক ঘুরে চলছে। কানাইঘাটের চতুলবাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, গত ২৭ সেপ্টেম্বর এলাকাবাসীসহ সড়কপথের ১৮টি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। যোগাযোগ করলে ইউএনও সোহরাব হাসান পরিবহন মালিক সমিতির সঞ্চারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সড়কের অবস্থা বেহাল জানিয়ে ইউএনও বলেন, ‘আমি সওজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’ সওজ সূত্র জানায়, কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের ২১ কিলোমিটার অংশ সংস্কারে গত অর্থবছরে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছিল। ২০১১-১২ অর্থবছরে এ প্রস্তাব অনুমোদন না হওয়ায় সেটি এবারও পাঠানো হয়েছে। কিন্তু এখনো অনুমোদন হয়নি। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে জানান, ‘সিলেট জেলার উত্তর-পূর্ব এলাকার সড়ক সংস্কার’ প্রকল্প নামে প্রস্তাবিত ওই প্রকল্প অনুমোদন করে অর্থ বরাদ্দ দেওয়া হলেই সংস্কারকাজ শুরু করা হবে। এলাকাবাসী ও পরিবহন মালিকদের দেওয়া সঞ্চারকলিপিতে আজ (সোমবার) ১৫ অক্টোবরের মধ্যে সড়ক সংস্কারের ব্যবস্থা না করলে কানাইঘাট-দরবস্ত সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।