গাড়িতে তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে একটি বাড়ির গ্যারেজ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণীকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য ওই তরুণীর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। মৃত্যুর আগে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করতে বলা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদুর রহমান প্রথম আলোকে বলেন, ওই তরুণীর লাশ একটি প্রাইভেট কারের পেছনের সিটে পাওয়া গেছে। ওই প্রাইভেট কার বংশালের আবদুল হাদী লেনের একটি বাড়ির গ্যারেজে কাপড়ের কাভার দিয়ে ঢাকা ছিল। লাশটি পচতে শুরু করায় ওই তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তা ভালোভাবে বোঝা যায়নি।

ওসি বলেন, বাড়ির মালিক জানিয়েছেন, মাহফুজ নামের এক ব্যক্তির কাছে গ্যারেজটি ভাড়া দেওয়া রয়েছে। কয়েক বছর ধরে মাহফুজ সেখানে তাঁর গাড়ি রাখেন। এই গাড়িটি বেশ পুরোনো এবং এটি খুব কমই গ্যারেজ থেকে বের করা হতো। বাড়ির বাসিন্দারা বলেছেন, তাঁরা ওই তরুণীকে চেনেন না, কখনো দেখেননি।