বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের সময় ফটকে যানবাহন তল্লাশিতে আধুনিক কোনো ব্যবস্থা নেই। তবে ভেতরে গাড়ি যাওয়ার সময় আয়না দিয়ে দেখা হয় যানবাহনের নিচে কোনো কিছু আছে কি না। কিন্তু গাড়ির ভেতরে যাঁরা বসে থাকেন, তাঁদের কোনো তল্লাশি হয় না। এভাবে তল্লাশি ছাড়াই সচিবালয়ের ভেতরে ঢোকেন নিজস্ব গাড়িতে করে আসা দর্শনার্থীরা।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে স্পর্শকাতর এলাকার নিরাপত্তাব্যবস্থার এই চিত্র ফুটে উঠেছে। মন্ত্রণালয় এ জন্য গাড়িসহ স্ক্যান করা যায় এমন যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সচিবালয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত। তা না হলে দুর্বৃত্তরা গাড়িতে করে কোনো বিস্ফোরক দ্রব্য সচিবালয়ের ভেতর নিয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ে যেতে পারে না।
সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের দক্ষিণ পাশে দুটি ফটক দিয়ে প্রতিদিন আট-নয় শ গাড়ি প্রবেশ করে। কিন্তু সচিবালয়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের স্টিকার লাগানো অধিকাংশ গাড়িই তল্লাশি করা হয় না। সেই গাড়িতে অন্য যাঁরা ভেতরে ঢোকেন, তাঁরাও ঢোকেন তল্লাশি ছাড়া। তবে দর্শনার্থীদের গাড়িগুলোর নিচে কোনো বিস্ফোরক রয়েছে কি না, শুধু তা তল্লাশি করা হয়। তবে যেসব কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থী হেঁটে সচিবালয়ে প্রবেশ করেন, তাঁদের শরীর ও সঙ্গে বহন করা ব্যাগ স্ক্যান করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্য বলেন, যানবাহন স্ক্যানে আধুনিক ব্যবস্থা না থাকলেও সরকার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ নিয়েছে। পুরো সচিবালয় এলাকা ২০টি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল পাস ইস্যু করা হয়েছে এবং যানবাহনের জন্য ডিজিটাল স্টিকার দেওয়া হয়েছে।
জানতে চাইলে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার কামরুন্নেছা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয়ের প্রবেশমুখে যানবাহন স্ক্যানের জন্য আধুনিক স্ক্যানার যন্ত্র বসানোর ব্যাপারে আলোচনা চলছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের হাতে লেখা পাসের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে পাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।