গাড়িতে যত সিট তত আসন না মানলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে গাড়ির মালিক- শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাড়ির মালিক- শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘যত সিট তত আসন’ নীতি প্রতিপালনের প্রতিশ্রুত অনুযায়ী প্রতিটি গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।

আরও পড়ুন

সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে মন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।

সড়ক মহাসড়কে ঘন কুয়াশা থাকায় সাবধানে গাড়ি চালাতে গাড়িচালকদের প্রতি নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বিআরটিসি বহরে গাড়ির সংখ্যা বেড়েছে, কিন্তু যে হারে আয় বাড়ার কথা, সে হারে বাড়ছে না।

ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন।
এর আগে সচিবালয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।