গাড়িতে শব্দদূষণ মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া, ১২টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে শব্দদূষণ, কালো ধোঁয়ার মাত্রা বেশি এবং বিআরটিএর নিয়ম বহির্ভূত কাজের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছেন। পরিবেশ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ এবং বাংলাদেশ স্কাউটের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ও দারুসসালাম এলাকায় অভিযান চালায়। এ সময় যানবাহনে শব্দদূষণ ও কালো ধোঁয়ার মাত্রা পরীক্ষা করা হয়। এ ছাড়া গাড়িচালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক স্টিকার গাড়িতে সেঁটে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, যন্ত্রের সাহায্যে বায়ুদূষণ ও শব্দদূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং কালো ধোঁয়ার পরিমাণ নির্ণয় করা হয়। যানবাহনে হাইড্রোলিক কার্বন ১৮০ মাত্রায় থাকার কথা রয়েছে; কিন্তু পরীক্ষা করে ৩০০ থেকে ৬০০ পর্যন্ত মাত্রা পাওয়া গেছে। এ ছাড়া কার্বন মনোক্সাইড চার শতাংশ থাকার কথা রয়েছে; কিন্তু পরীক্ষা করে চারের অধিক পাওয়া গেছে। এ কারণে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন, ২০০৬ সালের শব্দদূষণ আইন ও বিআরটিএর আইনে যানবাহনের ওপর মামলা ও জরিমানা করা হয়।