গাড়িতে ‘সাংবাদিক’ স্টিকার লাগিয়ে মাদক পরিবহন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে মাইক্রোবাস ভাড়া নিয়ে গাড়ির সামনে-পেছনে ‘সাংবাদিক’ লেখা দুটি স্টিকার লাগানো হয়। এরপর সেই গাড়িতে করে গাঁজা পরিবহন করে নিয়ে আসা হয় চট্টগ্রামে। গত বুধবার গভীর রাতে নগরের পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকা থেকে ওই মাইক্রোবাসটিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন বেলাল হোসেন (২২), জসিম উদ্দিন (২৫), মো. সুমন (২৫), জয়ন্ত দাশ (৩১) ও রহিমা খাতুন (৪৮)। তাঁদের মধ্যে বেলাল, জসিম ও রহিমা কক্সবাজারের বাসিন্দা। সুমন পটুয়াখালী ও জয়ন্ত হাতিয়ার বাসিন্দা। মামলার তদন্তকারী কর্মকর্তা পাহাড়তলী থানার উপপরিদর্শক সৈয়দ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাত সাড়ে ১২টায় সিটি গেট এলাকা দিয়ে ওই মাইক্রোবাসটি নগরে প্রবেশ করছিল। ওই সময় সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে ১১ কেজি গাঁজা পাওয়া যায়।’এসআই মোশাররফ হোসেন বলেন, গাড়িটির সামনের ও পেছনের কাচে ‘সাংবাদিক’ লেখা দুটি স্টিকার লাগানো ছিল। গাড়িতে সাংবাদিক লেখা থাকলে পুলিশ সচরাচর সেসব গাড়ি তল্লাশি করে না। মাদক ব্যবসায়ীরা এ সুযোগটিই নিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে এসআই মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা থেকে মাদক নিয়ে তাঁরা ফিরছিলেন। গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা গাড়ির মালিকের নামও বলতে পারেনি। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।