গাড়ির অবস্থান নির্ণয়ে নতুন প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে
গাড়ির অবস্থান শনাক্তকরণ প্রযুক্তির (জিপিএস-গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের নিরাপত্তা বিধান এবং গাড়ি ছিনতাই প্রতিরোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কৃত্রিম উপগ্রহের সাহায্যে এ প্রযুক্তির মাধ্যমে যেকোনো জায়গা থেকে গাড়ির গতি ও অবস্থান নির্ণয় করা যাবে। গাড়িতে যন্ত্রটি সংযুক্ত করতে ১২ হাজার টাকা খরচ পড়বে। প্রত্যেক গ্রাহককে এ জন্য যেকোনো মুঠোফোন কোম্পানিকে মাসিক ৩০০ টাকা লাইনভাড়া দিতে হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শিগগির এ প্রযুক্তির ব্যবহার শুরুর তারিখ নির্ধারণ করে আদেশ জারি করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল বুধবার সাংবাদিকদের এসব কথা জানান।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সূত্র জানায়, দেশে এখন ২০ লাখ সাত হাজার ৫০৩টি প্রাইভেট কার, জিপ ও স্টেশন ওয়াগন, ৯০ হাজার ৬৩৫টি মাইক্রোবাস, ১২ হাজার ২৯৮টি ট্যাক্সি ক্যাব এবং ৮১ হাজার ৫৬১টি ট্রাক রয়েছে।সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, সব বিভাগীয় উপ-মহাপুলিশ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মত প্রকাশ করেন। ট্রাক ছিনতাই, চালক ও হেলপার খুনের ঘটনা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।মিরসরাইয়ে গত ১১ জুলাই ট্রাক দুর্ঘটনায় আরেক শিশু নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তাঘাটের দুরবস্থাকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। যোগাযোগমন্ত্রী বরাবরের মতো রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি দেন।যোগাযোগমন্ত্রী গাড়ি ছিনতাই প্রতিরোধে অত্যাধুনিক প্রযুক্তি (জিপিএস) ব্যবহারের পরামর্শ দিলে সভায় তা গ্রহণ করা হয়। বিআরটিএকে প্রযুক্তি ব্যবহারের শুরুর তারিখ ঠিক করতে দায়িত্ব দেওয়া হয়।সভায় জানানো হয়, এই প্রযুক্তি ১২ হাজার টাকার মধ্যে সংযুক্ত করা সম্ভব। মুঠোফোন নেটওয়ার্ক ব্যবহার করে এই প্রযুক্তির সাহায্যে প্রতিটি গাড়ির গতি ও অবস্থান ধরা যাবে। এতে ছিনতাই কমে আসবে বলে তিনি মনে করেন।নৌপরিবহনমন্ত্রী মহাসড়কে ট্রাক টার্মিনাল নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কাজ করতে পারে। মহাসড়কে কর্তব্যরত পুলিশ শ্রমিকদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি। চিহ্নিত ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হওয়া দরকার।