সড়কে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল একদল পুলিশ। এ সময় এল একটি মোটরসাইকেল। আরোহীকে জিজ্ঞাসাবাদ করতেই মিলল একটি চোর চক্রের হদিস। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার।
গত রোববারের ওই ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। শিগগিরই এমন আরও ২১টি মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রটির কয়েকজন সদস্যকে ধরার আশা করছে তারা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত রোববার বিকেলে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাকিলাদাড়ি বটতলা এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিল। এ সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের জমিস উদ্দিন (৩০) মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় পুলিশের সন্দেহ হয়, মোটরসাইকেলটি চোরাই। এরপর জসিমকে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোর চক্রের বিষয়ে বেশ কিছু তথ্য দেন।
পুলিশ বলছে, আটক জসিমই এই চোর চক্রের প্রধান। তিনি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) রেজাউল করিম বলেন, জসিম উদ্দিনকে নিয়ে রোববার রাতে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জসিম পুলিশকে বলেছেন, এই এলাকায় আরও ২১টি মোটরসাইকেল বিক্রি করেছে চক্রটি। এর মধ্যে কয়েকটি ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা। বাকিগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করা।
রেজাউল করিম আরও বলেন, জসিম চোর চক্রের সঙ্গে যুক্ত অন্যদের নামও প্রকাশ করেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এঁদের আটক করতে পারলে এলাকায় মোটরসাইকেল চুরি বন্ধ হবে বলে আশা করেন তিনি।