গাড়ির চাকার আগুনের আঁচ পাচ্ছেন সিলেটের নতুন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুন লেগেছে চলন্ত গাড়ির চাকায়। ১৬ দিন আগে। এখন তার আঁচ লাগছে সিলেটের নতুন মেয়র আরিফুল হক চৌধুরীর গায়ে। প্রশ্ন উঠেছে, দায়িত্ব পাওয়ার আগেই কার অনুমতি নিয়ে তিনি সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করেছেন। সিলেট সিটি করপোরেশনের কাছে এই ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়। গত ২১ জুলাই ঢাকায় সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে বহনকারী পাজেরো জিপে আগুন লাগে। গাড়িটি ছিল সিটি করপোরেশনের। আরিফুল হক শপথ নেওয়ার জন্য তাতে চেপে ঢাকায় আসেন। জানা গেছে, কাকরাইল মোড় পার হওয়ার সময় ওই গাড়ির চাকায় আগুন লেগে যায়। পরে রেকার এনে গাড়িটি ওয়ার্কশপে নেওয়া হয়। সিটি করপোরেশন সূত্রমতে, গাড়ি সারাইয়ের বিল আসার পর গাড়িটি কে ব্যবহার করেছে তা নিয়ে কথা ওঠে। প্রশ্ন ওঠে, দায়িত্ব পাওয়ার আগেই আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করতে পারেন কি না? স্থানীয় সরকার বিভাগের আদেশে ২১ জুলাই সিটি করপোরেশনের গাড়িটি কেন ঢাকায় ছিল, কী কাজে ব্যবহার করা হচ্ছিল, কে ব্যবহার করছিলেন এবং এ ব্যবহারের অনুমোদন কে করেছেন, তা সুস্পষ্টভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত এই মেয়র আইনানুযায়ী ১৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন।