গাড়ির চাকার ভেতর থেকে ইয়াবা জব্দ
কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পথে একটি গাড়িসহ প্রায় সাড়ে ১১ হাজার ইয়াবা বড়ি জব্দ ও দুজনকে আটক করেছে র্যাব। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলির শাহ আমানত সেতুর কাছে র্যাব-৭-এর সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা বড়ি জব্দ করেন। র্যাব সূত্র জানায়, আটক দুই ব্যক্তি হলেন শহীদুল আলম ও মোহাম্মদ রহিম। শহীদুলের গ্রামের বাড়ি কক্সবাজারের রামুতে এবং রহিমের বাড়ি টেকনাফে। একটি পিকআপ ভ্যানের চাকার ভেতরে ১১ হাজার ৬৯৫টি ইয়াবা বড়ি ঢুকিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসছিলেন তাঁরা। র্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, ‘রোববার রাত ১১টার দিকে আমরা খবর পেয়ে শাহ আমানত সেতুর কাছে অবস্থান নিই। কিছুক্ষণ অপেক্ষার পর সন্দেহভাজন পিকআপ ভ্যানটি সেতুর কাছে এলে সেটি সংকেত দিয়ে থামানো হয়। এরপর গাড়ি তল্লাশি করে ভেতরে কিছু পাওয়া যায়নি। পরে ওই দুই ব্যক্তি স্বীকার করেন যে চাকার ভেতর পলিথিন মোড়ানো ইয়াবা বড়ি আছে। একটি চাকার ভেতর থেকে আমরা বড়িগুলো উদ্ধার করি। যার দাম ৪০ লাখ টাকা।’ সুজ্ঞান চাকমা বলেন, আটক দুজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে। আসামি এবং জব্দ হওয়া ইয়াবা বড়ি ও গাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।