চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় তিন নারী নিহত হয়েছেন। গত রোববার দিবাগত গভীর রাতের ওই দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা এক শিশু সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। রোববার বিকেল থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্য ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ছয়জনের।
এ নিয়ে গত ১১ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২৭ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনারপাহাড় (মস্তাননগর বাইপাস) এলাকায় রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন তিন নারী ও এক শিশু। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তিন নারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরস্পর আত্মীয় এই তিন নারী হলেন পেয়ারা বেগম (৪৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা বেগম (৬৫)। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশুটির নাম জানা যায়নি। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদউদ্দিন বলেন, মস্তাননগর রহমানী দরবার শরিফে ওরস শেষে বাড়ি ফিরতে ওই নারীরা বিপরীত পাশে মহাসড়কে রাখা বাসে ওঠার জন্য মহাসড়ক পার হওয়ার সময় অন্য গাড়ির নিচে পিষ্ট হন। মহাসড়কের ঢাকামুখী লেনের মাঝামাঝি অংশে তাঁরা পিষ্ট হন। পেয়ারা বেগমের সঙ্গে থাকা তাঁর শিশুসন্তান (৭) দৌড়ে সড়ক পার হয়ে যায়। চোখের সামনে মায়ের এমন মৃত্যু দেখে সে ভীত-সন্ত্রস্ত হয়ে কাঁদতে থাকে। আশপাশের লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরে তার চাচা দুদু মিয়ার হাতে তাকে তুলে দেওয়া হয়। দুদু মিয়াও ওরসে এসেছিলেন। ময়নাতদন্ত ছাড়াই তিন নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়িটি আটক করা যায়নি।
বগুড়ার কাহালুতে গতকাল সকালে দাখিল পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে উপজেলার ডোমর গ্রামের হামেদ আলীর ছেলে হাফিজুর রহমান (১৫)। সে সাবরুল দাখিল মাদ্রাসার ছাত্র। মালঞ্চা-রানীরহাট সড়কের বোলধর নামক স্থানে দ্রুতগামী একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়া-গয়হাট্টা সড়কের গয়হাট্টা বাজার এলাকায় রোববার বিকেলে সড়ক পার হওয়ার সময় ট্রলির ধাক্কায় মম বেগম (৬৫) গুরুতর আহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে তিনি মারা যান। নিহত মম বেগম গয়হাট্টা গ্রামের আহসান উল্লার স্ত্রী।
দিনাজপুরের পার্বতীপুর সদরের সুন্দরীপাড়া রেলগেট বাইপাস আনন্দ লেক এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় আবু মুছা (২০) নামের একজন হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার হাবড়া ইউনিয়নের রামরায়পুর ফকিরপাড়া গ্রামে তাঁর বাড়ি। প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে হলদীবাড়ী এলাকায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকায় গতকাল বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতনামা এক যুবক (২৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন।
বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের নাঠৈ বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন পথচারী নিহত ও তাঁর ছেলে গুরুতর আহত হন। নিহত ব্যক্তি হলেন নাঠৈ গ্রামের সৈয়দ মনির হোসেন (৪০)। তাঁর শিশুসন্তান সালমানকে (১০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গতকাল সকালে বাসের নিচে চাপা পড়ে মো. ফারুক হোসেন (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার সুজন গ্রামের মো. ছিদ্দিক উল্যার ছেলে।