গাড়ির চাপ কম আছে ফেরিজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করলেও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে গাড়ির সংখ্যা কম হওয়ায় ঘাটে ফেরিজট দেখা দিয়েছে। অনেক সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে জায়গা না পেয়ে নদীতেই অপেক্ষা করতে থাকে। এতে এই সমস্যার সৃষ্টি হচ্ছে।গতকাল বৃহস্পতিবার সকালে দেখা যায়, দৌলতদিয়ার তিনটি ফেরিঘাটের প্রতিটিতে দুটি করে ফেরি অপেক্ষা করছে। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা দুটি ফেরি ঘাটে যায়গা না পেয়ে নদীর মধ্যে অপেক্ষা করছে। সকাল নয়টার দিকে পাটুরিয়া থেকে আসা ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ৩ নম্বর ফেরিঘাটে আরও দুটি ফেরি থাকায় কিছুক্ষণ নদীতেই ঘাট খালি হওয়ার অপেক্ষায় ছিল। একটি ফেরি যানবাহন নিয়ে ছেড়ে যাওয়ার পর ওই ফেরিটি ঘাটে ভিড়ে।যশোর থেকে আসা প্রাইভেট কারের চালক আকরাম হোসেন বলেন, ‘এ বছরই প্রথম দেখলাম ঘাটে তেমন গাড়ির চাপ নেই। যাওবা কিছু থাকে, এগুলো স্বাভাবিক ব্যাপার। কী সুন্দর ফেরিগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। সরাসরি ফেরিতে উঠতে পারায় বেশ ভালো লাগছে।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খোন্দকার তানভির হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১২টি ফেরি চলাচল করছে। আরও একটি রো-রো ফেরি ‘এনায়েতপুরি’ নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে সংস্কার করে ঈদের দিন পাটুরিয়ায় এনে রাখা হয়েছে। গাড়ির চাপ বাড়লে ফেরিটি নামানো হবে।