কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকদের গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। ছাত্র ও শিক্ষকদের গাড়ির চাবি ছাত্রলীগ ফেরত দেওয়ায় গতকাল সোমবার ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ক্লাস-পরীক্ষা হয়েছে সুষ্ঠুভাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের কুষ্টিয়ার বাসভবনে রোববার গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। এই বৈঠকে চাবি হস্তান্তর ও গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে উপাচার্য ছাড়াও প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রোভস্ট, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসকসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক রেজওয়ানুল ইসলাম জানান, কে বা কারা রোববার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে পরিবহন গ্যারেজের এক চালকের কাছে ছাত্র ও শিক্ষকদের গাড়ির চাবি দিয়ে যায়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মুক্তি, তাঁদের মামলা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, প্রক্টর ও বঙ্গবন্ধু হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে রোববার সকালে বিশ্ববিদ্যালয়গামী সব গাড়ির চাবি কেড়ে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।