গাড়ির ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আহত এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মো. আলম (৩৮)। তিনি পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামপুর গ্রামের মো. মল্লিকের ছেলে। রোববার বিকেলে নিহত আলমের লাশের ময়নাতদন্ত হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান প্রথম আলোকে বলেন, গত ৩১ মার্চ রাত সাড়ে আটটার দিকে ক্রিসেন্ট রোডে রিকশা চালানোর সময় একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো গ-২৫-৩০০৪) আলমের রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসআই মো. ফারুক খান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলমকে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।