গাড়ির ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল পিকআপ ভ্যান সড়কের পাশে রেখে মেরামতের সময় এর চালক ও তাঁর সহকারী গাড়ির (প্রাইভেট কার) ধাক্কায় প্রাণ হারিয়েছেন। নিহত দুজনের মধ্যে পিকআপের চালকের নাম হারুনুর রশিদ (৪০) বলে জানা গেছে।
রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরে স্কলাস্টিকা স্কুলের সামনে গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ প্রাণহানি ঘটে। বিমানবন্দর থানার পুলিশ জানায়, পিকআপটি স্কলাস্টিকা স্কুলের সামনে বিকল হয়ে যায়। পিকআপ থেকে নেমে চালক হারুনুর ও তাঁর সহকারী এটি মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপসহ তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, হারুনুর দয়াগঞ্জে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে বনানী কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মাহবুব ওরফে মারিয়া (২২) নামের এক হিজড়া নিহত হন। এ ছাড়া সকাল ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে মো. সেলিম (২০) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর বাবার নাম দুলু মিয়া। গ্রামের বাড়ি রাজশাহীতে।