প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইভেট কারের ধাক্কায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষক আহত হয়েছেন। টিএসসি মোড়ে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আহত অধ্যাপক সুকোমল বড়ুয়া (৫৮) পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে সুকোমল বড়ুয়া রিকশায় করে শাহবাগের দিকে যাচ্ছিলেন। টিএসসি মোড়ে এলে পেছন থেকে একটি প্রাইভেট কার তাঁর রিকশাকে ধাক্কা মারে। সুকোমল রিকশা থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা গাড়িটিকে ধাওয়া করে জহুরুল হক হলের সামনে আটকে ফেলে ভাঙচুর করেন।