গাড়ির ধাক্কায় শিশু আহত, এগিয়ে এলেন মেয়র
গতকাল সোমবার বেলা সোয়া ১১টা। চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক। কেজি ওয়ান পড়ুয়া মেয়ে নাইরা হান্নান তাহিরাকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন মা নাজমা আক্তার। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয় নাইরাকে। আহত অবস্থায় রাস্তায় কাতরাতে থাকে সে।
সে সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই ঘটনা দেখে মেয়র গাড়ি থেকে নেমে আসেন। প্রটোকলের গাড়িতে থাকা পুলিশ সদস্যদের শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।
মেয়রের ব্যক্তিগত সহকারী (মিডিয়া) ও ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল দত্ত প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় একটি শিশুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে সেখানে ছুটে যান মেয়র। এই সময় সামনে থাকা প্রটোকল গাড়ির পুলিশ সদস্যদের ডেকে বলেন, “আমার নিরাপত্তার চেয়ে শিশুটির চিকিৎসা প্রয়োজন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাও।” মেয়রের নির্দেশ পেয়ে ওই গাড়িতে করে মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসা শেষে তাঁদের বাসায়ও পৌঁছে দেন পুলিশ সদস্যরা।’ তিনি জানান, চিকিৎসা শেষে শিশু নাইরা সুস্থ আছে।
নাইরা নগরের জামালখান এলাকার সেন্ট মেরিস স্কুলের দিবা শাখার কেজি শ্রেণির ছাত্রী। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে তার বিদ্যালয়।
মেয়রের সহযোগিতা পাওয়ায় তাঁকে ধন্যবাদ জানান নাইরার মা নাজমা আক্তার। তিনি বলেন, ‘সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নাইরা কপালে, ঠোঁটে, হাতে ও পায়ে আঘাত পেয়েছে। আমিও পায়ে সামান্য ব্যথা পেয়েছি। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিয়েছেন।’ তিনি বলেন, ওই সময় মেয়র এগিয়ে না এলে মেয়ের চিকিৎসায় দেরি হতো। এ জন্য তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।