গাড়ির ধাক্কায় শিশু নিহত, মাথায় ইট পড়ে আহত ১
রাজধানীর মিরপুরে গতকাল সোমবার গাড়ির ধাক্কায় ইয়াসিন রিফাত নামে আড়াই বছরের একটি শিশু নিহত হয়েছে। এদিকে ধোলাইখালে নির্মাণাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে সোহানা খাতুন (১২) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, মিরপুর-২ নম্বর সেকশনের এফ-ব্লকের একটি বাসায় বাবা শাহ আলম ও মা রেখার সঙ্গে থাকত শিশু ইয়াসিন। গতকাল সকাল আটটার দিকে ইয়াসিন বাসার সামনে রাস্তায় খেলতে যায়। তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে ধাক্কা দেওয়া গাড়িটি স্থানীয় লোকজন আটক করেছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছেন।
নিহত ইয়াসিনের চাচা শামসুল আলম জানান, তাঁদের গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জে। তাঁর ভাই দর্জির কাজ করেন। দুই ভাইবোনের মধ্যে ইয়াসিন ছিল ছোট। পরে তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে এসেছেন।
মাথায় ইট পড়ে শিশু আহত: বেলা আড়াইটার দিকে ধোলাইখালে একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়লে শিশু সোহানা গুরুতর আহত হয়। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে চিকিৎসকেরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
শিশুটির বাবা মো. সোহেল জানান, তিনি পরিবার নিয়ে ধোলাইখাল এলাকায় থাকেন। দুপুরে সোহানা বাসার কাছে রাস্তায় বের হলে পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে একটি ইট এসে তার মাথায় পড়ে। স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় সোহানাকে হাসপাতালে নিয়ে যায়।