গাড়ির ধাক্কায় সাংবাদিক আহত
পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার প্রতিবেদক মামুনুর রশীদ। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর কারওয়ান বাজার আন্ডারপাস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মামুনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান হাতের হাড় কাঁধের জোড়া থেকে খুলে গেছে। এ ছাড়া বাঁ হাতেও আঘাত লেগেছে। গাড়ির ধাক্কায় তিনি পড়ে যাওয়ার সময় তাঁর মোটরসাইকেলটি রাস্তার ওপর একটি শিশুকে আঘাত করলে সেও আঘাত পায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলে, মামুনের মোটরসাইকেলটি পুলিশ থানায় নিয়ে গেছে। ধাক্কা দেওয়া গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মামুন প্রথম আলোকে বলেন, ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে কালো রঙের একটি গাড়ি তাঁকে অনুসরণ করছিল বলে তাঁর মনে হয়েছে। কারওয়ান বাজার আন্ডারপাসের পাশে এসে গাড়িটি তাঁকে হালকা ধাক্কা দেয়।