গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, রক্ষা পেলেন ছয় বন্ধু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবারবাগান এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ল-১১-৫০২৮)। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ বিস্ফোরণ ঘটে। এ সময় গাড়ির ছয় যাত্রী ঢাকার ধানমন্ডির সজীব হোসেন, রেজওয়ানুল হক, মিরপুর এলাকার সতেজ আহমদ, উত্তরার পারভেজ রহমান, আহমেদ রাকিব ও শান্তিনগর এলাকার অর্পিতা চৌধুরী অল্পের জন্য বেঁচে যান। তাঁদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ছয় বন্ধু বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। ভোর চারটার দিকে রামু রাবারবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা নষ্ট হয়ে গেলে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পরই দ্রুত তাঁরা গাড়ি থেকে নেমে যান। এর পরপরই বিকট শব্দে গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এত ভোরে রাস্তায় লোকজন না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।