গাড়ির স্থায়ী রঙিন কাচ অপসারণ করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব গাড়ির রঙিন কাচ গাড়ি নির্মাণের সময় থেকেই সংযোজন করা হয়েছে, সেসব গাড়ির কাচ অপসারণ করা হবে না৷ যেসব গাড়ির জানালায় আলাদাভাবে রঙিন, কালো, মার্কারি, টিনটেড, অস্বচ্ছ ফিল্ম, পলিথিন ও প্লাস্টিকজাতীয় কৃত্রিম আবরণ রয়েছে, সেগুলোই অপসারণ করা হবে৷
গত ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়৷ ওই আদেশ ১০ মের পর থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়৷
সারা দেশে পুলিশ ১১ মে থেকে গাড়ির কৃত্রিম আবরণ অপসারণে অভিযান শুরু করে৷ অভিযোগ পাওয়া গেছে, অভিযানে নির্মাণের সময় সংযোজন করা রঙিন কাচের মালিকেরাও নানা হয়রানির শিকার হচ্ছেন৷ গাড়িতে স্থায়ী রঙিন কাচ, নাকি আলাদা আবরণ দিয়ে গ্লাস রঙিন করা হয়েছে, তা অনেক ক্ষেত্রে পুলিশ চিহ্নিত করতে পারছে না৷ সব গাড়ির কাচই খোঁচাখুঁচি করছে৷ এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ প্রথম আলোর কার্যালয়ে ফোন করে অনেক ভুক্তভোগী তাঁদের ক্ষোভের কথা জানান৷
গতকাল সেগুনবাগিচা এলাকার বাসিন্দা রমজান আলী প্রথম আলোকে বলেন, তাঁর গাড়িতে কারখানায় নির্মাণের সময় লাগানো স্থায়ী রঙিন কাচ আছে৷ কিন্তু এটি আলাদা আবরণ কি না, তা নিশ্চিত হতে পুলিশ ধারালো বস্তু দিয়ে খোঁচাখুঁচি করে দাগ ফেলে দিয়েছে৷
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ মেনেই অভিযান চলছে৷ কেউ বাড়াবাড়ি করছে কি না, খতিয়ে দেখা হবে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, অপহরণসহ অপরাধ কর্মকাণ্ড পরিচালনার সময় অপরাধীরা কালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ কাচযুক্ত গাড়ি ব্যবহার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে গাড়ির আরোহী বা ভেতরে রাখা বস্তু শনাক্ত করা, অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমস্যা হয়৷ এ জন্যই কৃত্রিম আবরণ অপসারণের এই আদেশ দেওয়া হয়েছে৷