গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাড়ে সাতটায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনের সাধারণ পাঠাগারে পড়াশোনায় ব্যস্ত একদল পাঠক। মাঠে বসে গল্পগুজবে ব্যস্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পাশের কালীবাজারে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা। হঠাৎ সবাই প্রেসক্লাবের পাশের পৌর মিলনায়তনের সামনের ফাঁকা মাঠে গায়ে আগুন নিয়ে এক নারীকে ছোটাছুটি করতে দেখে সবাই অবাক হয়ে যায়।লোকজন ছুটে এসে আগুন নেভায়। আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান ওই মহিলা। এমনি করেই গত বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন এক গৃহবধূ। এলাকার মানুষের কটূক্তি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ার রংমিস্ত্রি ইদু মিয়ার স্ত্রী হাসিনা বেগমকে (৩৫) এলাকার মানুষ নানাভাবে কটূক্তি করত। এ নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ইদু মিয়া বলেন, কী কারণে হাসিনা এমন করেছে, তা তিনি জানেন না। তবে এলাকার মানুষ হাসিনাকে মাঝেমধ্যে কটূক্তি করত বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি তাঁকে বলেননি তাঁর স্ত্রী। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, অগ্নিদগ্ধ হাসিনা জবানবন্দিতে জানিয়েছেন, এলাকাবাসীর অপবাদ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। তবে কারা ও কীভাবে কটূক্তি করত, তা তিনি জানাননি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।