রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিরাপিনা মার্ডি (১১) নামের এক আদিবাসী কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের দাবি, গণধর্ষণের শিকার হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল।সিরাপিনা গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আমতলীপাড়া গ্রামের কর্নেলিউস মার্ডির মেয়ে। সে লোভেরে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ডিসেম্বরে বড়দিনের অনুষ্ঠানের সময় গ্রামের তরুণ-তরুণীরা গায়ে রঙিন পানি ছিটাচ্ছিলেন। এ সময় গ্রামের নয়জন তরুণ সিরাপিনার গায়ে পানি দেওয়ার জন্য তাকে তাড়া করেন। সে দৌড়ে একটি ফাঁকা মাঠে চলে যায়। সেখানে ওই তরুণেরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন। আদিবাসীদের মানঝি পরিষদ বিষয়টি মীমাংসার চেষ্টা করে। পরে সিরাপিনার বাবা আদালতে মামলা করেন। কিন্তু গ্রামের প্রভাবশালীদের চাপে তিনি মামলা তুলে নিতে বাধ্য হন। গত বছরের এপ্রিলে ‘আদিবাসীদের থানা পারগানা ও পৌর পারগানায়’ সালিস করে ওই নয়জন তরুণকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শাস্তির অংশ হিসেবে তরুণেরা মোমবাতি জ্বালিয়ে গির্জার সামনে অনুতাপ প্রকাশ করেন। জরিমানার টাকা দেওয়া হয় গির্জার ফাদার বার্নার্ড টুডুর কাছে।সিরাপিনার বড় বোন সাবিনা মার্ডি জানান, ওই ঘটনার পর গ্রামের লোকজন তাঁর বোনকে নষ্টা বলে প্রচার করতে থাকে। এতে তাঁরা সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়েন। এতে সিরাপিনা মানসিকভাবে ভেঙে পড়ে। সে স্কুলে গেলেও ঠিকমতো পরীক্ষা দিতে পারে না। তিনি আরও জানান, গত শুক্রবার দুপুরে সিরাপিনা একটি হাঁসুয়া দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে। এ সময় তার মা হাঁসুয়া কেড়ে নেন। এর কিছুক্ষণের মধ্যে সে নিজের গায়ে কেরোসিন ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন লাগিয়ে দেয়।সাবিনা বলেন, ‘আগুন নেভাতে দেরি হওয়ায় সিরাপিনার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। সেদিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন চিকিৎ সকেরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আমাদের সামর্থ্য না থাকায় সিরাপিনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে রোববার সন্ধ্যায় সে মারা যায়।’গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম গতকাল সোমবার বিকেলে জানান, ময়নাতদন্তের জন্য সিরাপিনার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি প্রথম আলোকে বলেন, নয়জন যুবক গির্জার সামনে অনুতাপ প্রকাশ করায় তিনি তাঁদের ক্ষমা করে দিয়েছেন।গির্জার ফাদার বার্নার্ড টুডু বলেন, ‘সালিসের সময় আমি উপস্থিত ছিলাম না। নিরাপদ মনে করে তাঁরা আমার কাছে টাকা জমা রেখেছেন।’