গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা সেলিম ও তার মাকে ছেড় না। ওরা আমাকে বিষ খেয়ে মরে যেতে বলেছিল। গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার পর পানি দিতে বলেছিলাম, তারা একটু পানিও দেয়নি। তাদের সামনেই আমার শরীর পুড়ে গেল। তারা আমাকে অনেক অত্যাচার করেছে।’ শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব কথা বলেন ডামুড্যা উপজেলার ধনই গ্রামের গৃহবধূ নার্গিস বেগম (৩৫)। এই তাঁর জীবনের শেষ কথা। কেরোসিনের আগুনে পুড়ে গত বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে।ডামুড্যা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ডামুড্যা গ্রামের সামছুদ্দিন খানের মেয়ে নার্গিস বেগমের সঙ্গে পাশের ধনই গ্রামের কেরামত হাওলাদারের ছেলে সেলিম হাওলাদারের বিয়ে হয় ১২ বছর আগে। তাঁদের সংসারে ১০ ও তিন বছরের দুটি ছেলে এবং তিন মাসের একটি কন্যাসন্তান রয়েছে। রিকশাশ্রমিক সেলিম মাদক সেবনের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার রাতে নার্গিস বেগমকে স্বামী সেলিম ও শাশুড়ি নুরজাহান বেগম মারধর করেন। বুধবার সকাল নয়টার দিকে বসতঘরের পেছনে নার্গিসের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে বুধবার শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে বিকেলে ঢাকা নেওয়ার পথে নার্গিস বেগম মারা যান।ঘটনার পর থেকে সেলিম ও তাঁর মা নুরজাহান বেগম শিশু তিনটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নার্গিসের মা ফরিদা বেগম বাদী হয়ে জামাতা সেলিম, তাঁর মা নুরজাহান বেগম, মামা নুর মোহাম্মদ করাতি ও চাচাতো বোন নাসিমাকে আসামি করে ডামুড্যা থানায় হত্যা মামলা করেছেন।ফরিদা বেগম বলেন, ‘মারা যাওয়ার আগে হাসপাতালে নার্গিস তার স্বামী ও শাশুড়ির অত্যাচারের কথা বলে গেছে। গায়ে কেরোসিন ঢেলে স্বামী ও শাশুড়ি আগুন ধরিয়ে দিয়েছে, তা-ও বলেছে। আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’বাবা সামসুদ্দিন খান বলেন, ‘বিয়ের পরে জানতে পারি, মেয়ের স্বামী নেশা করে। মেয়ের সুখের কথা চিন্তা করে কিছু বলতাম না। সে প্রায়ই আমার কাছ থেকে টাকা চাইত। সাধ্যমতো দিতাম। আমার মেয়েটিকে এভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মেরে ফেলবে বুঝতে পারিনি।’অভিযুক্ত সেলিমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে নুর মোহাম্মদ করাতির স্ত্রী জান্নাত বেগম বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে ছিলাম না। নার্গিসের গায়ে আগুন লাগার খবর শুনে ছুটে যাই। আমার স্বামী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তার পরও তাকে এ ঘটনায় আসামি করা হয়েছে।’প্রতিবেশী মায়া বেগম বলেন, ‘নার্গিসের চিৎকার শুনে আমরা সেখানে গিয়ে দেখি, শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন সেখানে সেলিম ও তার মা উপস্থিত ছিল।’স্থানীয় দারুল আমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, এখনো বলা যাচ্ছে না। তবে এভাবে কোনো মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।’ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদির ভূঞা বলেন, ‘আসামিরা পলাতক রয়েছে। মেয়েটি মারা যাওয়ার আগে স্বামী ও শাশুড়ির সম্পর্কে কিছু অভিযোগ করেছে, তার রেকর্ড আলামত হিসেবে জব্দ করেছি।’