গায়ে কেরোসিন ঢেলে স্কুলছাত্রীর আত্মহত্যা!
অগ্নিদগ্ধ হয়ে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জলদাশ পাড়ায় শনিবার রাতে ময়না দাশ (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ময়নার পরিবার সূত্র জানায়, মায়ের সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে ময়না। তবে পুলিশ বলছে, মেয়েটির কীভাবে মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ময়নার বাবা লাল বাহাদুরের বিবরণ অনুযায়ী, তাঁর স্ত্রী চার দিন আগে সুদে এক হাজার টাকা আনেন। ওই টাকা ময়না আলমারি থেকে চুরি করে অন্য একজনকে দিয়ে দেয়। এই টাকা ফেরত দেওয়ার জন্য মা মেয়েকে বকুনি ও মারধর করেন। এতে অভিমান করে ময়না শনিবার সন্ধ্যায় শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর রাত ১১টার দিকে ময়না মারা যায়। ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, পুলিশ গতকাল রোববার সকালে ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, মেয়েটির শরীর আগুনে ঝলসে গেছে। কিন্তু কী কারণে সে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।