গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে আগুনে ঝলসে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় যৌতুক না পেয়ে গত বুধবার সন্ধ্যায় একজন গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁর স্বামী উদ্দিন মণ্ডল (৩০)। গৃহবধূ শাহনাজ পারভিনকে (২২) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। সেখানে অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।এ ঘটনায় গৃহবধূর খালাতো ভাই কামরুজ্জামান বাদী হয়ে নারী নির্যাতন দমন ও হত্যাচেষ্টার আইনে বেড়া থানায় উদ্দিন মণ্ডলকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে উদ্দিন মণ্ডল পলাতক।শাহনাজের বাড়ি পাবনার বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের সিন্দুরি গ্রামে। তাঁর বাবা সিরাজুল ইসলাম দিনমজুর। সরেজমিন বুধবার রাত নয়টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেঝেতে ব্যথায় ছটফট করছেন শাহনাজ। তাঁর প্রায় পুরো শরীর আগুনে ঝলসে গেছে। হাসপাতালের চিকিৎসক মো. হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির মুখ, চোখসহ শরীরের পুরো অংশ আগুনে ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।’ শাহনাজের পরিবার ও প্রতিবেশীদের ভাষ্যমতে, রাজমিস্ত্রির কাজ করা উদ্দিন মণ্ডলের দ্বিতীয় স্ত্রী শাহনাজ। প্রথম বিয়ের খবর গোপন রেখে তিনি শাহনাজকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শাহনাজের ওপর নির্যাতন চালাচ্ছিলেন স্বামী উদ্দিন মণ্ডল। কিছুদিন ধরে স্ত্রীকে বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন মণ্ডল। বুধবার বিকেলে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী। পরিবারের দেওয়া তথ্যমতে, দুই বছর আগে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় উদ্দিন মণ্ডলের সঙ্গে শাহনাজের পরিচয় হয়। ওই কারখানায় তখন মণ্ডলও কাজ করতেন। তাঁর বাড়ি একই উপজেলার নাটিয়াবাড়ী গ্রামে। ঢাকায় থাকা অবস্থাতেই দুজনে বিয়ে করেন। এর কয়েক মাস পর তাঁরা গ্রামে চলে আসেন। শাহনাজের মা সমেলা খাতুন প্রথম আলোকে বলেন, ‘সামান্য ঘটনা নিয়েও মেয়েকে মারধর করত মণ্ডল। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। এতে লজ্জায়, ক্ষোভে ঘরের দরজা বন্ধ করে কাঁদছিল সে। একপর্যায়ে ঘরে ঢুকে মেয়েটির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’ বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা শাহনাজকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’বেড়া থানার ওসি আবদুল হাই সরকার গতকাল বলেন, ‘ঘটনা জানার পর উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি। মেয়েটির স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।’