গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা
চট্টগ্রামের আনোয়ারায় এবার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন পাষণ্ড স্বামী। প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থান পুড়ে যাওয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই গৃহবধূ রুপা (২৫)। পুলিশ রুপার স্বামী ও শাশুড়িকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন রুপার পিতা।আনোয়ারা থানা ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা মোস্তফা কামাল তাঁর স্ত্রী রুপা আকতারকে (২৫) প্রচণ্ড মারধর করার পর রুপার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় মোস্তফা তাঁদের শোবার ঘরের বাইরে শিকল লাগিয়ে বাইরে চলে যান। পরে রুপার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করলেও তাঁর শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেলে রাতেই তাঁকে প্রথমে আনোয়ারা ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে, থানার ভেতর স্বামী মোস্তফা কামাল বলেন, ‘আমি রুপাকে মারধর করলেও শরীরে আগুন দিইনি, সে নিজেই গায়ে আগুন দিয়েছে।’