গায়ে হলুদ মেখেই ভোঁ-দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনে হলুদ শাড়ি, মাথায় গাঁদা ফুলের মালার সাজ, হাতে মেহেদি, আর পায়ে আলতামাখা কিশোরী। কিছু বুঝে ওঠার আগেই ভোঁ-দৌড়ে ঢুকে পড়ে শিক্ষকদের কক্ষে। এসেই হাউমাউ করে কাঁদতে থাকে। আকুতি-মিনতি করে শিক্ষকদের সহায়তা চায় তার বিয়ে বন্ধ করতে। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া উচ্চবিদ্যালয়ে গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, ওই কিশোরী (১৫) তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। আগামী ফেব্রুয়ারিতে তার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু মেয়ের বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন। গতকাল সোমবার ছিল তার বিয়ের দিন। বিয়ে বন্ধ করতেই গায়েহলুদ দেওয়ার আসর থেকে দৌড়ে এসেছে বিদ্যালয়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় বিয়ে বন্ধ করা হয়।ওই ছাত্রী বলে, ‘সংসারে অভাব থাকলেও খেয়ে না-খেয়ে পড়ালেখা করছি। সামনে এসএসসি পরীক্ষা। কিন্তু আমার মতামত না নিয়েই বিয়ে ঠিক করেছে। তাই গায়েহলুদের অনুষ্ঠান থেকে উঠে এসে স্যারদের সহযোগিতা চেয়েছি। পড়ালেখা শেষ করে চাকরি করতে চাই।’চাপিলা ইউপির চেয়ারম্যান সামছুল আলম জানান, এক ভাই ও দুই বোনের মধ্যে মেয়েটি সবার ছোট। অভাবের সংসারে মেয়েটি পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তার বাবা ছেলেপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করছিলেন। গতকাল তার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। পরে ইউএনওর নির্দেশে বিয়েটি বন্ধ করা হয়। ওই ছাত্রীর সহপাঠী শারমিন খাতুন জানায়, চাপিলা ইউনিয়নের পাঁচপুরুলিয়া গ্রামের ভটভটিচালক হারুনের (৩৮) সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। এটা হারুনের দ্বিতীয় বিয়ে। পরে বিদ্যালয়ের সব ছাত্রী ও শিক্ষক মিলে মেয়ের বাবাকে চাপ দেওয়ায় বিয়ে বন্ধ হয়েছে। ছাত্রীর বাবা জানান, তাঁর ভুল ভেঙেছে। ভবিষ্যতে মেয়ের সম্মতিতেই বিয়ে হবে।